পানিসম্পদ মন্ত্রণালয়ের শূন্য পদ

দ্রুত নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:২০ এএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের শূন্য পদে নিয়োগ ও পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ১৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা হয়। সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। গতকাল রবিবার পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। ড্রেজিং কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প স্থলে ড্রেজার স্থানান্তরের জটিলতা ও রাবার ড্যাম নির্মাণকাজের দরপত্র সিডিউল ক্রয় করলেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই দরপত্র দাখিল না করায় নির্দিষ্ট সময় (অক্টোবর ২০১৭ থেকে জুন ২০২০) প্রকল্প সম্পন্ন না হওয়ায়, উক্ত প্রকল্পের ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে জুন ২০২২ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বৈঠকে। কমিটি মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের অতিরিক্ত মেয়াদকাল অনুমোদিত হলে, তা অনুমোদিত অতিরিক্ত মেয়াদকালের মধ্যে প্রকল্প সম্পন্ন করার সুপারিশ করে।

এছাড়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ভুবনেশ্বর নদী পুনঃখনন, পোনা নদী ও ভুবনেশ্বর নদীর ভাঙন থেকে বিভিন্ন স্থাপনা বা সম্পদ রক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি ভুবনেশ্বর নদী পুনঃখনন এবং পোনা নদী ও ভুবনেশ্বর নদীর ভাঙন  থেকে বিভিন্ন স্থাপনা বা সম্পদ রক্ষা প্রকল্পের অতিরিক্ত মেয়াদকাল জুন, ২০২১-এর মধ্যে সম্পন্ন করার সুপারিশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত