ঝিনাইদহে স্কুলছাত্রকে ট্রাকচাপা

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:৪৯ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ হারিয়েছে ৬ জন। এরমধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র হাসিবুর রহমান (১৫) নিহত হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ডের ম্যাক্সি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান ওই উপজেলার বড় সিমলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হাসিবুর ও তার চাচাতো ভাই মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই ট্রাকচাপায় নিহত হয় হাসিবুর।

এদিকে জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কিশোরগঞ্জে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। পঞ্চগড়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও দৃষ্টিপ্রতিবন্ধীসহ দুজন নিহত হয়েছেন।

জয়পুরহাটে মোটরসাইকেলের চাপায় অপর মোটরসাইকেল আরোহী নিহত : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টায় সদর উপজেলার হিচমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ আলী হিচমী ম-লপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহেদ আলী জয়পুরহাট শহর থেকে বাড়িতে যাওয়ার পথে হিচমী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে  পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে সিএনজি ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ : কিশোরগঞ্জে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার জালালপুর বাজারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দেলোয়ার হোসেন (২৭)। সে তাড়াইল উপজেলার দামিহা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও  মো. আসাদুজ্জামান (৩৯)। তিনি সদর উপজেলা পরিষদ সংলগ্ন একজন বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার বিকাল তাড়াইল থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে কিশোরগঞ্জ সদরে যাচ্ছিল। সদর উপজেলার জালালপুর বাজারের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি অটোরিকশার যাত্রী দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত ও চালকসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামান হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান। অন্য দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। 

পঞ্চগড়ে নিহত : পঞ্চগড়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী ও দৃষ্টিপ্রতিবন্ধীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রবিবার বিকেলে জেলার বোদা- দেবীগঞ্জ সড়কে বোদা উপজেলার সিপাইপাড়া বাইপাস মোড়ে এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার নিজবাড়ি ভজনপুর-তেঁতুলিয়া মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।  নিহতরা হলেন সুফিয়া খাতুন (৫০) এবং তাজুল ইসলাম (৩০)। সুফিয়া খাতুনের বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মীরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রইসুল ইসলামের স্ত্রী। তাজুল ইসলামের বাড়ি  সদর উপজেলার টুনিহাট এলাকায়। ভজনপুর দারুস সালাম কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনা করছিলেন ওই প্রতিবন্ধী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোদা উপজেলার বাইপাস এলাকায় ট্রাক্টর ও সিএনজি থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ওই নারী নিহত হন। এই ঘটনায় ওই নারীর স্বামীসহ আহত হয়েছেন আরও তিনজন। আহত তিনজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন বোদা উপজেলার জসিমউদ্দিন (৪০), রইসুল ইসলাম (৭০) ও দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের দুলু সরকার (৬০)। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোমেনা বেগম জনি সুফিয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, রবিবার বিকেলে ভজনপুর এলাকার মহাসড়কে দৃষ্টিপ্রতিবন্ধী তাজুল ইসলাম রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন তাজুল ইসলাম। এই ঘটনায় স্থানীয়রা তিনঘণ্টা ভজনপুর-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। ট্রাকচাপায় দৃষ্টিপ্রতিবন্ধীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিঞা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত