সংবাদ সম্মেলনে কাদের

বিএনপি রাজনীতি ভুলে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:৫৩ এএম

বিএনপি রাজনীতি ভুলে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন ব্যক্তিগত বিষয়াদি নিয়ে কথা বলছে; যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। তাদের দৃষ্টি এখন কে, কী পোশাক পরল, কে কত টাকার ঘড়ি পরল ইত্যাদি।’ ওবায়দুল কাদের গতকাল রবিবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন গভীর হতাশায় নিমজ্জিত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হতাশার কারণে বিএনপি এখন তীব্র মনপীড়ায় ভুগছে, রাজনীতি ভুলে ব্যবহার্য বিষয় এখন তাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিরুদ্ধে বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন।’

‘আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে’ বিএনপি নেতাদের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয়, রাজতন্ত্র আর পরিবারতন্ত্র চর্চা বিএনপিরই রাজনৈতিক সংস্কৃতি। বিএনপির শাসনামলে বেগম জিয়ার পাশাপাশি এক যুবরাজ সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করত, গড়ে তুলেছিলেন বিকল্প ক্ষমতাকেন্দ্র, যাকে বলা হতো দুর্নীতির বরপুত্র। অন্যদিকে, জনগণ চাইলেও প্রধানমন্ত্রী তার সন্তানদের সক্রিয় রাজনীতিতে আনেননি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সমালোচনার নামে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার এমনকি প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার চালাবে আর এর জবাব দিলে বিএনপির কেন এত গাত্রদাহ হয়, তা জানতে চাই?’

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় তিনি বলেন, ‘৭ মার্চকে ছোট করার জন্যই বিএনপি ৭ মার্চ পালন করছে। সুবর্ণজয়ন্তী পালনে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের ফুটনোটকে ইতিহাসের মহানায়ক বানানোর অপচেষ্টা, জাতি এ ষড়যন্ত্র কোনো দিন বরদাশত করবে না।’ ইতিহাসের মীমাংসিত সত্যকে বিকৃত করতে বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত