বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

সুইডেনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০২:৫৫ এএম

সুইডেনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘ওই দেশের সঙ্গে প্রথাগত উন্নয়ননির্ভর সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করে বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান-বিজ্ঞানে অংশীদারিত্ব বাড়াতে চায় বাংলাদেশ।’

গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা-বিষয়কমন্ত্রী পার উলসন ফ্রিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইউরোপিয়ান ক্রেতাদের আরও দায়িত্বশীল আচরণে উৎসাহিত করার জন্য সুইডেনকে আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কভিড পরিস্থিতি মোকাবিলায় এটি বাংলাদেশকে সহায়তা করবে।’

ড. মোমেন বলেন, ‘মানবাধিকার, বাধাহীনভাবে মানুষের চলাচলের ব্যবস্থা এবং কানেকটিভিটি ক্ষেত্রে বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করতে পারে।’

সুইডিশমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের প্রতি সুইডেনের কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।’ বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে উলসন বলেন, ‘এ মহামারী আমাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, সুষ্ঠু বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা থাকাটা কতটুকু জরুরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত