কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্প এলাকায় মো. জুবাইয়ের (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে। তিনি কথিত ‘সালমান শাহ গ্রুপের’ সদস্য ছিলেন।
তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘পুতিয়া গ্রুপ’ ও ‘সালমান শাহ গ্রুপের’ মধ্যে এ ঘটনা ঘটে। মূলত এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ বাণিজ্যে লিপ্ত। এলাকাভিত্তিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দিবাগত মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবাইয়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসপি তারিকুল ইসলাম বলেন, হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
