সংক্রমণে ঊর্ধ্বগতি বাড়াচ্ছে উদ্বেগ

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০২:২৪ এএম

মাঝে কিছুদিন বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা কমলেও ফের বাড়তে শুরু করেছে। ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ সব অঞ্চলেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। দুই সপ্তাহ আগে বিশ্বে দৈনিক শনাক্ত তিন লাখের ঘরে নামলেও ফের তা পাঁচ লাখের ঘরে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসটির নতুন ধরনই বেশি ছড়াচ্ছে। এদিকে নতুন করে বাড়তে থাকা সংক্রমণের লাগাম টানতে দেশে দেশে ফের লকডাউন শুরু হয়েছে। ইতালি, জার্মানিতে পুরো দেশেই কঠোর লকডাউন জারির সিদ্ধান্ত হয়েছে। ভারত, অস্ট্রেলিয়াসহ নানা দেশে চলছে অঞ্চলভিত্তিক লকডাউন।  

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১২ কোটি ৫ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৫ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২৬ লাখ ৬৬ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ কোটি ৭০ লাখ ৫১ হাজার মানুষ। 

ওয়ার্ল্ডমিটারসের তথ্য অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন এবং মারা গেছে ২ লাখ ৭৭ হাজার ২১৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৮০ হাজার ৫২৫ জন। ভাইরাসটিতে মারা গেছে ৯১ হাজার ৬৯৫ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪২ লাখ ৫৩ হাজার ৮২০ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৫ হাজার ৪৬৪ জন।

আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ওই বছরের ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত