ক’দিন আগেই সঞ্জয়লীলা বানসালির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’র টিজারে দুর্দান্ত লুকে আলিয়া ভাটকে দেখেছেন দর্শক। প্রশংসা পাচ্ছেন সব শ্রেণির দর্শকের কাছ থেকে। আরও একবার অন্য আলিয়াকে দেখা গেল! তবে সেটা তার আরেক ছবি ‘আরআরআর’-এর ফার্স্ট লুকে! যা নির্মাণ করতে যাচ্ছেন ‘বাহুবলী’খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। অনেক দিন ধরেই এই ছবিটি মুক্তির প্রতীক্ষায় রয়েছেন দর্শক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন এই ছবিটির মূল কয়েকটি চরিত্রের ফার্স্ট লুক। আর এবার প্রকাশ্যে এলো ‘সীতা’ চরিত্রে আলিয়া ভাটের ফার্স্ট লুক। গতকাল সকালে নিজের ২৮তম জন্মদিন উপলক্ষে ইন্সটাগ্রাম ও ফেইসবুকে ছবিটি শেয়ার করেন আলিয়া। ‘সীতা’র লুকে আলিয়াকে যে বেশ ভিন্নভাবে পর্দায় দেখা যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আলিয়া ছাড়াও ‘সীতা’ চরিত্রে তার লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক এস এস রাজামৌলিসহ ছবিটির তারকা রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগনসহ অনেকেই। আলিয়ার নতুন এই লুকের প্রশংসায় পঞ্চমুখ বলিউড।
এদিকে আলিয়া একসঙ্গে দুটো ছবির কাজ করছিলেন। আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ আর সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’। ক্রমাগত মেকআপ পাল্টে একবার হচ্ছিলেন গাঙ্গুবাই, আরেকবার রণবীর কাপুরের প্রেমিকা ইশা। রণবীর কাপুর করোনায় আক্রান্ত। অন্যদিকে সঞ্জয়লীলা বানসালিও করোনা পজিটিভ। তাই দুটো ছবির কাজই আপাতত বন্ধ। আলিয়া ভাট নিজেকে কোয়ারেন্টাইন করেছিলেন। তবে করোনা পরীক্ষায় জানা গেছে তিনি করোনায় আক্রান্ত নন। তবু ভালো লাগছে না আলিয়ার। লকডাউনের পুরোটা সময় আলিয়া ছিলেন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। নতুন বছরকে স্বাগত জানাতে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন একসঙ্গে। তাই দীর্ঘদিন পর প্রেমিক নিজেকে ‘সঙ্গনিরোধ’ করায় সঙ্গী হারিয়েছেন আলিয়া। তার কেবলই মনে পড়ছে রণবীরের কথা। তাই আর পারলেন না তিনি। প্রেম চলে এলো ইন্সটাগ্রামে। প্রথমবারের মতো ‘কাপল ছবি’ পোস্ট করলেন। হাত ধরে রয়েছে আরেক হাতকে। বলার অপেক্ষা রাখে না, একজন আলিয়া আরেকজন রণবীর। এই ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘মেজর মিসিং’। এভাবেই খোলা চিঠিতে বিশ্বকে জানিয়ে দিলেনÑ তার রণবীরের কথা খুব মনে পড়ছে। এই ক্যাপশনের সঙ্গে একটি হার্ট ইমোজি জুড়ে দিতেও ভুল করেননি তিনি।
