করোনা মহামারিকালে যুবদের অবদানকে স্বীকৃতি দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবারের মতো আয়োজন করছে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। ‘ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর অধীনে এই আয়োজনের প্রথম আসর ‘জাতীয় ও আন্তর্জাতিক’ দুই পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার বিকেলে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ এর আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানটি দেশের গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর উপস্থিতিতে উদ্বোধন করা হবে।
প্রতিমন্ত্রী রাসেল বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী ৬টি অঞ্চল থেকে মুসলিম যুবকরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
তিনি আরও বলেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী যুবকরাই সবার আগে এগিয়ে আসেন। তারাই প্রথমে খাদ্য ও ত্রাণ সরবরাহ করা, জরুরি চিকিৎসা সহায়তা, প্রদানের পাশাপাশি কোভিড আক্রান্ত রোগীদের মৃতদেহ সমাহিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জাহিদ আহসান রাসেল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিদীপ্ত ও দূরদর্শী নেতৃত্বে একটি জাতি হিসাবে বাংলাদেশে কোভিড মহামারি মোকাবিলায় দুর্দান্ত প্রতিরোধ দেখিয়েছে এবং সম্মিলিতভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তার নামকে স্মরণীয় করে রাখতে এবং যুব সম্প্রদায়কে উৎসাহ দেওয়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর একটি ইভেন্ট হিসেবে ‘শেখ হাসিনা ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ আয়োজন করা হয়েছে।
