শান্তিরক্ষীদের ৩ লাখ ডোজ টিকা দেবে চীন

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০১:৩২ এএম

জাতিসংঘ শান্তিরক্ষীদের করোনাভাইরাসের তিন লাখ ডোজ টিকা দেবে চীন। অনুদান হিসেবে এ টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে আফ্রিকায় মোতায়েন শান্তিরক্ষীদের অগ্রাধিকার দেওয়া হবে। জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জাং জুন। গত সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।

চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই এখন বিশ্বের সবচেয়ে চাপের কাজ। জাং জুন বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের জন্য ভ্যাকসিনগুলোই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চীন টিকার ন্যায়সংগত বণ্টনকে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে এর সাশ্রয়ী অভিগম্যতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। ১৫ মার্চ পর্যন্ত পেইচিং ৬৯টি দেশ এবং দুটি আন্তর্জাতিক সংস্থাকে ভ্যাকসিন সহায়তা সরবরাহ করেছে। ২৮টি দেশে ভ্যাকসিন রপ্তানি করা হয়েছে। আরও অনেক দেশ ও লোকজন চীনা ভ্যাকসিন থেকে উপকৃত হচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য চীন অনুদান হিসেবে টিকা দেওয়ার কথা বললেও তারা ঠিক কোন ভ্যাকসিনটি সরবরাহ করতে আগ্রহী সেটি জানানো হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত