জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
জয়া বলেন, ‘এ যেন স্বপ্নের মতো একটি মুহূর্ত। আমাদের মুক্তির মহানায়কের জন্মদিন ১০০ পেরিয়ে এলো মুক্তিযুদ্ধেরই সুবর্ণজয়ন্তীতে। তার জীবনের বড় একটা সময় তিনি পার করেছেন কারাগারে, এ দেশের কোটি মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করার সংগ্রামের কারণে।’
তিনি আরও বলেন, ‘তিনি আমাদের দিয়েছেন স্বাধীন একটি রাষ্ট্র। দিয়েছেন এই রাষ্ট্রের জন্য কিছু স্বপ্ন। সেসব স্বপ্ন পূরণের স্বপ্নও তিনি আমাদের দেখিয়েছেন। আমাদের সবার দায় সেসব স্বপ্নকে সব মানুষের নাগালে পৌঁছে দেওয়া।’
