বন্ড ছেড়ে ৪০০ কোটি টাকা তুলেছে সিটি ব্যাংক

আপডেট : ১৭ মার্চ ২০২১, ১১:২৩ পিএম

দেশে প্রথমবারের মতো চালু করা কন্টিনজেন্ট-কনভারটিবেল পারপেচুয়াল বন্ড সম্পন্ন করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। বন্ডটি আগামী দিনে দেশের ব্যাংকিং খাতের প্রসারে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন ব্যাংকটির কর্মকর্তারা।

ব্যাসেল-৩ গাইডলাইন অনুযায়ী, দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই বন্ড চালু করে সিটি ব্যাংক। অতিরিক্ত টায়ার-১ ক্যাপিটালের আওতায় ব্যাংকটি এই বন্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে উত্তোলন করে।

এ ধরনের ঋণ ও ইকুইটির সমন্বয়ে মূলধন কাঠামোর পুনর্বিন্যাসের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর পথ প্রশস্ত করেছে ব্যাংকটি। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে ওয়েস্টিন হোটেলে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান একটি ভিডিও পাঠান।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত