লাক্সতারকা শানারেই দেবী শানু এখন ব্যস্ত রিয়েলিটি শো অনন্য প্রতিভা নিয়ে। বইমেলায় প্রকাশ পাচ্ছে তার দুটি উপন্যাস। এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
অনন্য প্রতিভা...
এক মাস ধরে ব্যস্ত আছি এনটিভির রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’ নিয়ে। সাধারণত রিয়েলিটি শোতে একটি বিষয়ের ওপর প্রতিযোগিতা হয়। কিন্তু এখানে নাচ, গান, অভিনয়, আবৃত্তি, শরীরচর্চাসহ নানা ধরনের মেধাকে যাচাই করে বিজয়ী নির্বাচন করা হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অভিষ্যতে শোবিজসহ নানা জায়গায় নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। আমি রয়েছি গ্রুমার হিসেবে। তাই ব্যস্ততাও বেশি। মূল বিচারক হিসেবে আছেন মেহের আফরোজ শাওন, সালাহউদ্দিন লাভলু ও হৃদয় খান।
সারা দেশে...
সারা দেশের হাজার হাজার প্রতিযোগী নিবন্ধন করেছিল। সেখান থেকে মাত্র ১৫০ জনকে খুঁজে বের করা ছিল কষ্টকর। আমরা কয়েকজন শিল্পী অডিশন রাউন্ডের বিচারকাজ করেছি। আমার সঙ্গে ছিলেন সংগীতশিল্পী পুলক ও চিত্রনায়িকা আইরিন। দেশের সব বিভাগে গিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা অডিশন নিয়েছি। সেই ১৫০ জন প্রতিযোগী থেকে ঢাকায় এসে মাত্র ৬০ জনকে নির্বাচন করা হয়েছে। তাদের নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতার মূল আয়োজন। প্রথম রাউন্ড শেষে থাকবে মাত্র ২০ জন। এভাবে পর্যায়ক্রমে সেরাদের সেরা নির্বাচিত হবে। কাজটি করতে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে অভিনয়, আবৃত্তি ও নাচের চর্চা করলেও কখনো কাউকে শেখানোর সুযোগ মেলেনি। এবার সেই সুযোগ পেয়ে ভালো লাগছে। প্রতিযোগীদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। কোনো কিছু বদলায়নি, আমরা যেভাবে একটা জিনিস শেখার জন্য গভীর মনোযোগ দিয়ে রাখতাম, এরাও তেমনি। এরাই ভবিষ্যৎকে এগিয়ে নেবে।
বইমেলায়...
কয়েক বছর ধরে নিয়ম করে বই প্রকাশ হচ্ছে একুশে বইমেলায়। এবার বইমেলা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। দেরিতে শুরু হয়েছে, তাও স্বল্প পরিসরে। তাই এবার কবিতার বই প্রকাশে আগ্রহ পাইনি। দুটি উপন্যাস আসছে এবার। অনন্যা প্রকাশনী থেকে বের হচ্ছে ‘আমার একটা তুই চাই’। এটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী উপন্যাস। ওথেলো সিনড্রোমের ওপর ভর করে গল্প এগিয়ে গেছে। ভালোবাসার বাড়াবাড়ির ফলে সৃষ্ট ইনসিকিউরিটি ও সন্দেহ থেকে একটা মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় অনেক সময়। সেই দিকটি একটি গল্পের মাধ্যমে তুলে ধরেছি। আরেক উপন্যাস ‘ইতি মেঘবালক’। এটি পিওর রোমান্টিক উপন্যাস। দুজন যুবক-যুবতীর ফেইসবুকে পরিচয় ও হুট করে বান্দরবান ভ্রমণ। এই উপন্যাসে নীলগিরির বড় একটা অবস্থান রয়েছে।
