করোনার কারণে গত বছর হয়নি প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। এবার সেটা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। শুক্রবার থেকে ১১ দল নিয়ে শুরু হবে এই আসর। যদিও এবার খেলছেন না ২০১৯ সালের সর্বশেষ লিগের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য, বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। নিয়াজ না খেললেও লিগের ইতিহাসে এবারই সর্বোচ্চ গ্র্যান্ডমাস্টার অংশ নিচ্ছেন বিভিন্ন দলের হয়ে। বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টারসহ ১৩ জন গ্র্যান্ডমাস্টার অংশ নেবেন এবারের লিগে। এর মধ্যে ভারতের আটজন এবং বেলারুশের একজন। গতবারের চ্যাম্পিয়ন পুলিশ দলের হয়ে চার বোর্ডেই দেখা যাবে চার গ্র্যান্ডমাস্টারকে। এ ছাড়া দলের পঞ্চম সদস্য হিসেবে থাকবেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিব খেলবেন এই দলের হয়ে। এ ছাড়া গতবারের রানার্সআপ সাইফ চেজ ক্লাব বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ছাড়াও ভারত ও বেলারুশ থেকে উড়িয়ে এনেছে দুজন গ্র্যান্ডমাস্টার। এর মধ্যে ভারতের গ্র্যান্ডমাস্টার ভাসকরণ আধিবান এই লিগে সর্বোচ্চ রেটিংধারী (২৬৫৯) দাবাড়ু। বাংলাদেশের অপর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব খেলছেন বাংলাদেশ বিমানের হয়ে।
নিয়াজ মোরশেদ এমনিতে অ্যাজমার রোগী। করোনাকালীন সময়ে তাই তিনি বাসা থেকেই বের হন না। এ কারণেই তিনি এই লিগে খেলছেন না বলে জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। গতকাল লিগ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই লিগ শেষ হবে ২৯ মার্চ। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে দাবা ফেডারেশন কার্যালয়ে হবে এবারের লিগ। চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পাবে ১ লাখ ২৫ হাজার টাকা। রানার্সআপ দল ৭৫ হাজার এবং তৃতীয় স্থানে থাকা দল পাবে ৫০ হাজার টাকা। লিগে সব মিলিয়ে ২০ জন বিদেশি দাবাড়ুঅংশ নিচ্ছেন।
