জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল বুধবার থেকে ২৬ মার্চ পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সড়ক বন্ধ রাখা হবে না। তবে দেশি-বিদেশি ভিআইপি ও ভিভিআইপিদের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির জনসংযোগ বিভাগের এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কখনো বলা হয়নি, এই সময়ে সড়ক বন্ধ রাখা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন। এই উৎসবে দেশি-বিদেশি অতিথিদের যাতায়াতের সময় রাস্তায় যান চলাচলে চাপের সৃষ্টি হতে পারে। তা ছাড়া রাজধানীর সড়কগুলোয় ব্যাপক উন্নয়নমূলক কর্মকা- পরিচালিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সড়ক সংকুচিত হয়েছে। ফলে অধিকাংশ সড়কে যান চলাচলে সমস্যা হচ্ছে। যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় সাময়িক সমস্যা হতে পারে। সে জন্য যানজট বিবেচনায় নগরবাসীকে নিজ নিজ গন্তব্যে যেতে সময় নিয়ে বের হতে অনুরোধ জানানো হয়েছে। শুধু ভিভিআইপিদের অবস্থানকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশ।
