বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা ও মুক্তির প্রতীক উল্লেখ করে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেছেন, ‘শুধু বাংলাদেশের জন্য নয়, বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্যও আদর্শ।’
গতকাল বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে ইব্রাহিম মোহামেদ সলিহ এ কথা বলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের গুরুত্ব আলোকপাত করে তিনি বলেন, ‘৭ মার্চ ভাষণ বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ইতিমধ্যে এ ভাষণের গুরুত্ব অনুধাবন করে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যর অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।’
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক বিষয়ে ইব্রাহিম মোহামেদ সলিহ বলেন, দুই দেশের সম্পর্ক সুদৃঢ় অবস্থানে রয়েছে।’ অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে দুই দেশ একযোগে কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি।
মালদ্বীপ প্রেসিডেন্টকে গতকাল সকালে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর তাকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীসহ ২৭ জন অতিথি এসেছেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট বিমানবন্দর থেকেই মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান। এরপর তিনি ধানম-ির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ও রাতে রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। তার এ সফরে উভয় দেশের মধ্যে বিভিন্ন খাতে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাতীয় স্মৃতিসৌধে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা : সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইব্রাহিম মোহামেদ এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদনের পর মালদ্বীপের প্রেসিডেন্ট স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর এবং সৌধ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন। এ সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ইব্রাহিম মোহামেদ সলিহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় মালদ্বীপের প্রেসিডেন্টের সম্মানে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে বিমানবন্দরে দুই নেতা কুশল বিনিময় করেন।
