মুজিববর্ষে বাংলাদেশ সফর করতে পারাকে নিজের জন্য সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার সকালে টুইটারে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
টুইটে মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সব ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’
বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই উপহার দেওয়া হবে। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় উভয় প্রধানমন্ত্রী একইসঙ্গে নিজ নিজ দেশের পক্ষে বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পৃথক দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন। মূলত মুজিববর্ষ উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যৌথ উদযাপন উপলক্ষে এই সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। সফরে ২৬ মার্চ বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট। ২৬ মার্চ দুদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে ৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।
