নিউজিল্যান্ডকে তাদের মাটিতে কখনো কোনো ফরম্যাটেই হারাতে পারেনি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে প্রত্যয়ী টাইগাররা। ওয়ানডে সিরিজে তাই আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য অধিনায়ক তামিম ইকবালের।
শনিবার কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। ডানেডিনের ওটাগো ইউনিভার্সিটিতে মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে খেলা।
প্রথম ওয়ানডের আগে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম জানান, স্বাগতিকদের উপর চাপ তৈরি করার লক্ষ্যে নির্ভীক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চান তারা।
‘নিউজিল্যান্ডের ওপরে চাপ তৈরি করতে চাইলে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে, আক্রমণাত্মক খেলতে হবে।’- বলেন তামিম।
তামিমের মতে, আক্রমণাত্মক বলতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে খেলা নয়। তার ব্যাখ্যা, ‘ক্রিকেটে আক্রমণাত্মক খেলার অর্থ এই নয়, আমাদের ১০ ওভারে ১০০ রান করতে হবে বা প্রথম ৫ ওভারে আমাদের ৫ উইকেট নিতে হবে। ক্রিকেট আক্রমণ মানে সর্বদা আমাদের ইতিবাচক থাকতে হবে।’
নিউজিল্যান্ডে যে অতীত রেকর্ড ভালো নয় বাংলাদেশের, সেটি মনে রেখেই তামিম বলছেন, ‘আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো- আমাদের বোলিং বিভাগ। আমরা যদি বোলিংয়ে আক্রমণাত্মক হতে পারি, তবে এটি আমাদের জন্য সহায়ক হতে পারে।’
নিউজিল্যান্ডের কন্ডিশনে বড় ভূমিকা রাখতে হবে পেসারদের। তামিম দলের নতুন পেস বোলারদের নিয়ে আশার কথাই বললেন, ‘আমি আমাদের দলের নতুন পেসারদের নিয়ে খুব আশাবাদী। তারা নেটে কঠোর পরিশ্রম করেছে, আমি খুব উচ্ছ্বসিত। তারা যদি ভালো করতে পারে, তবে আমাদের পক্ষে কাজ আরো সহজ হবে।’
