ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে আগুনের ঘটনায় স্থানান্তর করা আরও একজন মারা গেছেন। তার নাম মোমেনা (৪৫)। গতকাল বৃহস্পতিবার ঢামেকের পুরনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. এএফএম আরিফুল ইসলাম নবীন মোমেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,বুধবার আগুনের পর ৮ জন রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে আনা হয়। চিকিৎসাধীন তাদের মধ্যে মোমেনা বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মারা যান। এ ঘটনায় আরও ৬ জন আইসিইউতে ও ৩ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন।
গত বুধবার সকালে হাসপাতালটির নতুন ভবনের তৃতীয় তলায় করোনা রোগীদের আইসিইউতে আগুন লাগে। এতে রোগীদের স্থানান্তর করার পর ওইদিনই চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়।
এদিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্র্তৃপক্ষের গঠিত পৃথক তদন্ত কমিটি আইসিইউ পরিদর্শন করেছে। তারা আলামত ও সাক্ষ্যপ্রহণ করেছে।
পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক ও তদন্ত কমিটির প্রধান নূর হাসান সাংবাদিকদের বলেন, তদন্তের কাজ চলছে। আমরা এখন ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহও করেছি। আশা করছি খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন কীভাবে লেগেছে তা প্রাথমিকভাবে ধারণা করে বলার মতো কিছু নেই। হাসপাতালে অগ্নিনির্বাপণের নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তাও তদন্ত করে দেখছি। এখনই ঢালাওভাবে কিছু বলা যাবে না। তদন্ত প্রতিবেদনে সব তুলে ধরা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সকালে ক্ষতিগ্রস্ত আইসিইউটি পিডব্লিউডির ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। এ ছাড়া সেটি মেরামতের জন্য আরও টেকনিশিয়ান পরিদর্শন করবেন।
পরিচালক বলেন, কভিড রোগীদের চিকিৎসায় কোনো সমস্যা হচ্ছে না। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০টি আইসিইউ বেড চালু হবে।
