ষড়যন্ত্র ও গন্ডগোল কঠোর হস্তে দমন করা হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৩:০৯ এএম

দেশকে ম্লান করার হীন ষড়যন্ত্র ও গন্ডগোল কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আজকে যখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যখন আমরা জাতিসংঘের ফাইনাল রিকমেন্ডেশন পেলাম যে, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, তখন দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রথমে একটি মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে একটি গন্ডগোল পাকানোর চেষ্টা করল আর তাদের বাতাস দিল বিএনপি-জামায়াত। আজ যখন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে, বিদেশি মেহমানরা দেশে আসা শুরু করেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সময় হয়েছে, তখন আবার নতুন খেলা শুরু হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্জনকে এবং এ দেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ বিদেশি মেহমানদের সামনে দেশকে মøান করার ও দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্র আগেও বহুবার হয়েছে, ঢাকা শহরে ষড়যন্ত্র করে কোরআন শরিফে আগুন দেওয়া হয়েছে, বায়তুল মোকাররমে আগুন দেওয়া হয়েছে। সেই অপরাধীদের বিচার হয়েছে, বিচার চলছে। আজকেও যারা এ ধরনের গন্ডগোল পাকাতে চাইবে, তাদেরও কঠোর হাতে দমন করতে আমরা বদ্ধপরিকর। তাছাড়া ষড়যন্ত্র থেমে নেই এবং সেই কারণেই রাজশাহীতে মিজানুর রহমান মিনু আমাদের নেত্রীকে হত্যা করার উদ্দেশ্যে কথা বলে, সেই কারণেই ডা. জাফরুল্লাহ বলে, দেশে যদি কোনো কিছু হয়, তখন অনেককে খুঁজে পাওয়া যাবে না। এই কথার উদ্দেশ্য কী অর্থাৎ ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে ডিএসসিসির আওতাধীন হাসপাতাল ও মাতৃসদনে গতকাল জন্মগ্রহণকারী ২২ শিশুকে নাগরিক সম্মাননা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত