সম্মাননা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৩:১৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘লকডাউনের প্রয়োজন হলে সরকার সিদ্ধান্ত নেবে। সরকারের সব সংস্থা মিলেই বসে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত এখনো হয়নি।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর

কৃষিবিদ ইনস্টিটিউশনে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস ওমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ আয়োজিত নার্সদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

করোনায় দেশে সম্প্রতি সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর ১২টি পরামর্শ দিয়েছে। এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘আমরা চাই দেশের অর্থনীতি ভালো থাকুক। করোনা যাতে বৃদ্ধি না পায়, তা-ও চাই। এজন্য স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। টিকা নেবেন। লকডাউন আমরা করতে পারব না। এটা সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে। আগামীতে দেখব কী সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।’

বেড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজে জনসমাগম বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৫ দিনে অন্তত ২০ লাখ লোক কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটিতে ঘুরেছে। কেউ মাস্ক পরেনি। মাস্ক ছাড়া বিয়ে-শাদিতে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না। আমরা পরামর্শ দিয়েছি, এখন সরকার ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবে।’

জাহিদ মালেক বলেন, ‘মৃত্যুহার বেড়ে গেছে, সংক্রমণ বেড়েছে। করোনা এখনো নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষ এখনো ভালো অছে। কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কেউই ভালো থাকবে না। করোনা এখনো দেশ থেকে যায়নি।’ তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বেড়ানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখনো বেড়ানোর সময় হয়নি। আরেকটু ধৈর্য ধরুন। বেঁচে থাকলে সবাই বেড়াতে পারবেন।’

অনুষ্ঠানে ১০ নারী স্বাস্থ্যকর্মীকে সম্মাননা দেয় অ্যাসোসিয়েশন ফর গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স, বাংলাদেশ। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করার জন্য এ সম্মাননা পান ৯ নার্স এবং ১ জন মিডওয়াইফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত