ধর্ম নিয়ে খেলা হচ্ছে: দেব

আপডেট : ১৯ মার্চ ২০২১, ১১:০০ পিএম

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করছেন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কিছুদিন পর থেকেই জেলায় জেলায় প্রচারে বেরিয়ে পড়েছেন ঘাটালের সাংসদ । বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল প্রার্থী  জ্যোৎস্না মাণ্ডির হয়ে ভোট চান তিনি। সেই অনুষ্ঠানে দেব বলেন, ‘খেলাটা অন্যরকম চলছে। আজকে খেলা হচ্ছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলিম, তা ভাগ করে।’তা হতে দেওয়া যাবে না বলেই জানান তৃণমূলের তারকা সাংসদ। এরপরই ‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গে তোলেন দেব। জানান, এখন অনেকেই এই স্লোগান দিচ্ছেন। তিনি বিশেষ রাজনীতি বোঝেন না। তবে যেটুকু বোঝেন, সেই বোঝাটুকু সম্বল করেই বলেন, “যারা মানুষকে ভালো রাখবে, মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই খেলা হবে। যারা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাদের খেলা শেষ হবে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদের খেলা শেষ হবে। যারা মা-বোনেদের সুরক্ষিত রাখবে সেই খেলা হবে। বাংলার মানুষ যাতে ভালো থাকে, সুরক্ষিত থাকে সেই খেলা হবে।” এভাবে স্লোগান দেওয়ার পরই জ্যোৎস্না মাণ্ডির জন্য ভোট চান তারকা সাংসদ।  ২৭ মার্চ জ্যোৎস্নাদেবীর জন্য জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন করেন দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত