ফেনীতে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের ছাদ চূর্ণবিচূর্ণ এবং চারজন আহত হয়েছে। এ সময় অটোটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ফতেহপুর এলাকার স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর উপজেলার শাহজাহান, কবির আহমেদ, নুরুল আফসার ও চৌদ্দগ্রামের তৌহিদুল ইসলাম। তাদের প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশনের ইনচার্জ কামাল উদ্দিন বলেন, বিকেল ৪টার দিকে অটোতে গ্যাস ভর্তি করে চালক কাউন্টারে টাকা দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশনের এক কর্মী ও পাশে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হন। ঘটনার পরপরই অটোচালক পালিয়ে গেছে।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে অটোর কিছু অংশ উড়ে গিয়ে ফিলিং স্টেশনের ছাদে পড়ে। গ্যাস নেওয়ার সময় যাত্রীরা নেমে দূরে অবস্থান করায় ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
ফেনী মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া অটোর কিছু অংশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সিলিন্ডার রাখায় অটোর মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
