অভিষিক্ত মেহেদী যেখানে ব্যতিক্রম

আপডেট : ২০ মার্চ ২০২১, ০৭:৩৮ এএম

পেস বোলিংয়ের সামনে সিনিয়ররা যেখানে ব্যাট হাতে ধুঁকেছেন, ডানেডিনের সেই উইকেটে ২৬ বছর বয়সী শেখ মেহেদী হাসান সাহসিকতার পরিচয় দিয়েছেন। উইকেটে এসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকানো অভিষিক্ত ব্যাটসম্যানের স্ট্রাইকরেট অন্যদের থেকে ‘ভালো’।

আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ম্যাচ মানেই এক ‘চাপের’ গল্প। সাকিব আল হাসান, তামিম ইকবাল থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ বড় বড় ক্রিকেটার এ কথা স্বীকার করেছেন। কিন্তু মেহেদীর ক্ষেত্রে মনে হল এসবের বালাই নেই।

বাংলাদেশের হয়ে ২০ কিংবা তার বেশি বল খেলেছেন ছয়জন। এদের মধ্যে বলার মতো স্ট্রাইকরেট এই মেহেদী হাসানেরই, ৭০। ২০ বলে ১৪টি রান করতে পারেন তিনি।

১৭ মিনিট উইকেটে ছিলেন। ১ ছক্কার পাশাপাশি মেরেছেন একটি চারও।

বাংলাদেশ এদিন ১৩১ রানে গুটিয়ে গেছে। টস হেরে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারেই অলআউট হয় অতিথিরা।

২৮ ওভারের ভেতর ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছয় নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৪ বলে ২৭ রান করেন তিনি।

ব্যাট হাতে জন্মদিন উদযাপন করার আশায় উইকেটে নামা তামিম ইকবাল প্রথম ওভারেই বোল্টকে দারুণ এক ছক্কা মেরে ইঙ্গিত দিয়েছিলেন অসাধারণ কিছুর। পরে মেরেছেন একটি চারও। ওই শেষ। তামিম ১৫ বলে ১৩ করে বোল্টের বলেই হয়েছেন এলবিডব্লিউ।

অধিনায়ক ফেরার পর টাইমিংয়ে গড়বড় করে রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়েছেন সৌম্য সরকার। আরেক ওপেনার লিটন দাস ৩৬ বলে ১৯ করে সাজঘরে হাঁটা দেন।

ধীর ব্যাটিংয়ে এগোতে থাকা মুশফিকুর রহিম ৪৯ বলে ২৩ করে ফিরেছেন। মোহাম্মদ মিঠুন ৯, মেহেদী মিরাজ ১, অভিষিক্ত স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান ১৪ রানে ফিরলে একশর আগেই সপ্তম উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের।

বাংলাদেশ প্রতিপক্ষের পেসারদের বিপক্ষেই খাবি খেয়েছে বেশি। বোল্ট ৮.৫ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে শিকার জেমস নিশাম এবং মিচেল স্যান্টনারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত