‘উঠে আসা’ নবীন পেসারদের নিয়ে নিউজিল্যান্ডের পেস বোলিং কন্ডিশনে ভালো কিছুর আশায় থাকা রাসেল ডমিঙ্গো প্রথম ওয়ানডেতে দেখলেন বিশাল এক হার। ডানেডিনে মাত্র ১৩১ রানে গুটিয়ে যাওয়ার পর তার দলকে হজম করতে হয়েছে ৮ উইকেটের পরাজয়।
বাংলাদেশ এদিন টস জিতে ব্যাট করতে নেমে কিউই পেসারদের বিপক্ষে টালমাটাল অবস্থায় পড়ে। ৪১.৫ ওভারে অলআউট হওয়ার পর তাদের হারাতে নিউজিল্যান্ড খেলেছে ২১.২ ওভার।
বাংলাদেশ এবার ৭ পেসার নিয়ে নিউজিল্যান্ড গেছে। শনিবার প্রথম ম্যাচে মাঠে নামেন তিনজন: তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ। এর মধ্যে নবীন বলতে গেলে হাসান মাহমুদ একা।
ম্যাচের আগে বাংলাদেশের কোচ বলেন, নিউজিল্যান্ড আগে যে পেসারদের দেখেনি তাদের দিয়েই তিনি চমক দেখাতে চান। তার ভাষায়, ‘আমাদের বেশ কজন তরুণ ফাস্ট বোলার উঠে আসছে, নিউজিল্যান্ড হয়তো ওদের আগে সেভাবে দেখেনি। আমার ধারণা, তারা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না। কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়।’
‘হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে ফাস্ট বোলাররা এখন উঠে আসছে, তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত।’
বাংলাদেশের এই পেসাররা এদিন গতির পসরা সাজানোর চেষ্টা করেন বটে; কিন্তু সাফল্য বলতে যা বোঝায় তার ধারেকাছেও যেতে পারেননি।
ষষ্ট ওভারে তাসকিন যখন গাপটিলকে ফেরান তখন কিউইদের দলীয় সংগ্রহ ৫৪। পরের উইকেটে দলটি শতরানের স্কোর পেরিয়ে যায়।
৪.২ ওভারে ১১.৩২ করে রান দেয়া হাসান ১১৯ রানের সময় নিজের প্রথম এবং দলের দ্বিতীয় উইকেট পান। ডেভন কনওয়ে ৫২ বল খেলে ২৭ রান করে রিয়াদের হাতে ক্যাচ দেন।
ওপেনার হেনরি নিকোলাস অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন। তবে আক্ষেপ থাকবে তার এক রানের জন্য। মাঠ ছাড়ার সময় ৫৩ বলে ৪৯ রানে ছিলেন তিনি।
১ উইকেট নেয়া তাসকিন ৪ ওভারে ২৩ রান দিয়েছেন। সমান ওভারে মোস্তাফিজের খরচ ২৬।
আরও পড়ুন: ১৩১ রানে শেষ বাংলাদেশ
