ব্যবসায় বিস্তারের অংশ হিসেবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আসছে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড, শান্তা ফিক্সড ইনকাম ফান্ড। ফান্ডটির ট্রাস্টডিড স্বাক্ষর করেছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটি। ফান্ডের স্পন্সর ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। গত বৃহস্পতিবার বিজিআইসি কার্যালয়ে ট্রাস্টডিড সংক্রান্ত এই চুক্তি করে প্রতিষ্ঠান দুটি। ট্রাস্টডিডে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহমেদ সাইফুদ্দিন চৌধুরী এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ এমরান হাসান সই করেন।
বে-মেয়াদি ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। এর মধ্যে স্পন্সর দেবে ১ কোটি টাকা। তবে বে-মেয়াদি হওয়ায় ফান্ডের আকার পরবর্তীতে বাড়ানোর সুযোগ থাকবে। বিনিয়োগ নীতিমালা অনুযায়ী এই ফান্ড সরকারি বন্ডে বিনিয়োগ করবে ৪০-৬০ শতাংশ এবং নিবন্ধিত সিকিউরিটিজে বিনিয়োগ করবে সর্বোচ্চ ৫০ শতাংশ।
