ভালোবেসে ২৫ বছর আগে বিয়ে করেছিলেন মৌসুমী ও ওমর সানী। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গুলশানে তাদের সুখের সংসার। সপ্তাহ দুয়েক পর ছেলে ফারদীনের বিয়ে। এ নিয়ে কথা বলেছেন মৌসুমী
ছেলের পছন্দে সম্মতি...
ছেলের জন্য এক রূপবতী তরুণীকে পছন্দ করেছি আমরা। ছেলের হবু বউয়ের নাম আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকে। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাস আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালোলাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করে দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।
বিয়ের অনুষ্ঠান...
ছেলের বিয়ে নিয়ে আমরা ভীষণ ব্যস্ত সময় পার করছি। আগামী ৫ এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে হবে গায়েহলুদের অনুষ্ঠান। ৯ এপ্রিল আরেক পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। গায়েহলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদীন ও আয়েশার আকদ সম্পন্ন হবে।
সুখে থাকার মন্ত্র...
আমি আর সানী বিয়ে করেছিলাম ১৯৯৫ সালের ৪ মার্চ। কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করলেও পাঁচ মাস পর সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করেছিলাম। অনেকে বলে আমরা বিনোদন জগতে সফল দম্পতি। আসলে সুখে থাকার বিষয়টি খুব কষ্টকর কিছু নয়। দুজন দুজনকে সম্মান করা আর পাশে থাকাটাই সুখে থাকার মূলমন্ত্র। আমরা সব সময় একে অন্যকে পাশে পেয়েছি। আমার গুরুত্বপূর্ণ কাজ থাকলে সানী ছাড় দিয়েছে। সানীর কাজ থাকলে আমি ছাড় দিয়েছি। এভাবে চলছে এখনো।
প্রিয়দর্শিনী থেকে শাশুড়ি...
সময়ের সঙ্গে নিজেকে বদলে নিতে পারাটা সবচেয়ে বড় স্মার্টনেস। আমাদের ছেলে বড় হয়েছে। যুক্তরাষ্ট্রে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছে ফারদীন। কয়েক বছর আগে থেকে নাটক-সিনেমা পরিচালনা শুরু করেছে। ওর বাবাকে নিয়ে ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিছবিও নির্মাণ করেছে। তা ছাড়া বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার জীবন গুছিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। সে নিজের মতো করে নানা রকম কাজ করছে। তা ছাড়া জীবনটা গুছিয়ে দিতে একদিন না একদিন তাকে বিয়েও করাতে হবে। ছেলের ভালো লাগার মতো একটা মেয়েকে বউ হিসেবে পেলে তো মা হিসেবে নিজেরও ভালো লাগবে। মেয়েটা শুধু আমাদের সন্তানের নয়, আমাদেরও দারুণ পছন্দ হয়েছে। ওরা দুজন যেন ভালো থাকে, মা-বাবা হিসেবে আমাদের সেই চেষ্টাই থাকবে।
