গাজীপুরে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে মো. আউয়াল খাঁন (৪৮) নামে এক চাতাল শ্রমিককে উদ্ধার করেছে র্যাব-১। গত শুক্রবার রাতে মহানগরীর সদর থানাধীন মাস্টারবাড়ী নান্দুয়াইন বাসস্ট্যান্ড বটতলা এলাকায় গাড়ির ভেতরে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
আউয়াল বাগেরহাট জেলার মোংলা থানার বাজিঘর এলাকার রুস্তম আলী খাঁনের ছেলে।
র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার খুলনা থেকে গাজীপুর আসার পথে বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে অজ্ঞাত মুখোশধারীরা আউয়ালকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ফোন করে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিবারের অভিযোগ পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে রাত সোয়া ৯টার দিকে নান্দুয়াইন বাসস্ট্যান্ড বটতলা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে আউয়ালকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
