যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে চার কেজি সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শরীয়তপুর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ফেম পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর-মাগুরা সড়কে তল্লাশি করে সন্ধেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১৩টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মো. আক্তার হোসেন মন্ডল (৩০) ও মো. হোসেন মিজি (৩৭)।
বিজিবি জানিয়েছে, তারা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করার কথা স্বীকার করেছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। তবে বিজিবি সোনার মূল মালিককে আটকের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে ফেম পরিবহনের ম্যানেজার এই সোনা ভারতে পাচার কাজে সহযোগিতা করে বলে জানা গেছে।
আটক দুজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
