যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার একবার-দুইবার নয়, পরপর তিনবার হোঁচট খেয়েছেন এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে। প্রেসিডেন্ট হোঁচট খেলেও বহাল তবিয়তেই আছেন বলে হোয়াইট হাউজ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
বাইডেন শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টার উদ্দেশে রওনা হচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, লাল কার্পেটে মোড়া প্লেনের সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিলেন ৭৮ বছর বয়সী এ নেতা। কিন্তু অর্ধেক পথে গিয়েই প্রথম হোঁচট খান তিনি। এরপর কোনোমতে নিজেকে সামলে নিয়ে আরও দু’পা এগোন। সেখানে খান দ্বিতীয় হোঁচট। এরপর উঠে দাঁড়াতে গিয়ে রীতিমতো হাঁটুতে ভর করে পড়ে যান যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট। পরে রেলিং ধরে সাবধানে সিঁড়ির বাকি অংশ পাড়ি দেন জো বাইডেন। উপরে উঠে তাকে হোয়াইট হাউজ থেকে হেলিকপ্টারে নিয়ে আসা মেরিন কর্মকর্তাদের স্যালুটও দেন।
বাইডেন সিঁড়িতে এভাবে পড়ে যাওয়ার কারণ হিসেবে প্রবল বাতাসকে দায়ী করেছেন দেশটির কর্মকর্তারা। হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, এখানে অনেক বাতাস। আমি নিজেই উপরে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। হোঁচট খাওয়ার পর বাইডেনকে ডাক্তার দেখানো হয়েছে কি না জানতে চাইলে হোয়াইট হাউজের এ কর্মকর্তা বলেন, আমি যা জানিআমি শুধু বলতে পারি, তিনি ভালো আছেন। তিনি বেশ ভালো আছেন।
