টিকা নেওয়ার দু’দিন পরই করোনায় আক্রান্ত ইমরান খান

আপডেট : ২১ মার্চ ২০২১, ১২:৪৬ এএম

টিকা নেওয়ার দুই দিনের মাথায় করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান গতকাল শনিবার নিশ্চিত করেছেন যে, ইমরান খানের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

মাত্র দুই দিন আগেই ভ্যাকসিন নিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। এর মধ্যেই তার করোনায় আক্রান্তের খবর সামনে এলো। এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান জানিয়েছেন, ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। তবে গত কয়েক দিনে ইমরান খানের সংস্পর্শে আসা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা মহামারীর মধ্যেও ইমরান খান (৬৮) প্রতিনিয়ত বৈঠক এবং লোকজনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সম্প্রতি রাজধানী ইসলামাবাদে তিনি নিরাপত্তাবিষয়ক একটি সম্মেলনে যোগ দেন। সেখানে অনেক মানুষ অংশ নিয়েছিলেন। তিনি ওই সম্মেলনে মাস্ক ছাড়াই ভাষণ দিয়েছেন। এরপর গত শুক্রবার একটি হাউজিং প্রজেক্টের উদ্বোধনে অংশ নেন তিনি। সেখানেও তাকে একই ভাবে দেখা গেছে।

গত বৃহস্পতিবার করোনাভাইরাসের ভ্যাকসিন নেন ইমরান খান। ২২ কোটি জনসংখ্যার দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছেই। পাকিস্তান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছরের জুলাইয়ের পর এই সংখ্যা সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজার। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪২ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত