ওবায়দুল কাদের অবলীলায় মিথ্যা বলছেন : ফখরুল

আপডেট : ২১ মার্চ ২০২১, ০১:১৬ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সুনামগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা হয়েছে তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন। কিন্তু এই ঘটনা ঘটিয়েছে তাদের দলের এক নেতা। প্রতিটি ক্ষেত্রেই তারা বিএনপিকে  দোষারোপ করছে। এই সরকার বিএনপিকে ভয় পায়। বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখে।’গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যখন সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ, জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঠিক রাখতে ব্যর্থ হয়েছে, ঠিক তখনই তারা এসব ঘটনা ঘটায় এবং বিএনপিকে দায়ী করার চেষ্টা করে। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের আমলে। হিন্দুদের সম্পদ বেশির ভাগই আওয়ামী লীগের লোকজন দখল করে আছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের সব অর্জন এই সরকার হরণ করে নিয়ে গেছে। প্রতিদিন অবলীলায় মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। দীর্ঘ ১৪ বছর ধরে আমরা সংগ্রাম করছি। এতকিছুর পরেও আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি শুধুমাত্র গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য। সরকার একটা জায়গায় খুব সাকসেসফুল হয়েছে, জনগণের মধ্যে তারা ভয়-ভীতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। মিথ্যা প্রচারণা দিয়ে বাংলাদেশকে বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় পুরোপুরি নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক নেতাই না-ফেরার দেশে চলে গেছেন। অনেকে হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এ বিষয়গুলো মেনে নেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। যারা দেশের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তারাই আমাদের চোখের সামনে করোনার কাছে হার মেনে না-ফেরার দেশে চলে যাচ্ছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কখনো নিরাশ হইনি। আমরা হতাশ হইনি। আমরা গত ১৪ বছর ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এ সরকারের বিরুদ্ধে লড়াই করে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়েছি। এবং এই মূল্য আমরা আরও দেব। আমরা  যে এখন সংগঠিত হওয়া শুরু করেছি, এভাবে যদি আমরা সংগঠিত হতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা এই সরকারকে পরাজিত করতে সক্ষম হব। আপনার একটা কথা সবসময় মনে রাখবেন, হতাশাই শেষ কথা না। হতাশার পরে নিশ্চয়ই নতুন সূর্যোদয় হবে। আমাদের অবশ্যই সেই সময় আসবে যখন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।’

স্মরণসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে যত অপকর্ম হয় সব এই আওয়ামী লীগের লোকেরা করে। নারী ধর্ষণ, জমি লুট, এখন বর্জ্য ব্যবসাও নাকি আওয়ামী লীগের নেতারা করে। দেশের সব কিছু এখন সরকারের  লোকেরা দখল করে নিয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির,  মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত