জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর শুরু সোমবার

আপডেট : ২১ মার্চ ২০২১, ১১:২২ পিএম

দেশের সবচেয়ে পুরোনো প্রথম শ্রেণির ক্রিকেট আসর- জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), যার ২২তম আসর মাঠে গড়াচ্ছে সোমবার থেকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম দুই রাউন্ডের সূচি এবং ৮ দলের স্কোয়াড ঘোষণা করেছে। প্রতি দলে আছেন ১৪ জন করে ক্রিকেটার।

জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে থাকা সীমিত ওভারের স্কোয়াডের কেউ নেই স্বাভাবিকভাবেই, তবে খেলবেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

দেশের সাতটি বিভাগ ও ঢাকা মেট্রো- এই আটটি দল অংশ নিবে আসরে। আগের আসরের ফলাফলের ভিত্তিতে দুই স্তরে দলগুলোকে ভাগ করা হয়েছে।

প্রথম স্তরে রয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন খুলনা, সিলেট, ঢাকা এবং রংপুর। আর দ্বিতীয় স্তরে রয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল।

পয়েন্ট টেবিলের চিত্র অনুযায়ী, প্রথম স্তরের নিচের সারির দল দ্বিতীয় স্তরে চলে যাবে। আর দ্বিতীয় স্তরের ওপরের সারির দল প্রথম স্তরে খেলার সুযোগ পাবে।

২২ থেকে ২৫ মার্চ প্রথম ও দ্বিতীয় স্তরে দু’টি করে, সর্বমোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক খুলনা। এই স্তরের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে ঢাকা ও রংপুর।

দ্বিতীয় স্তরের ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী ও চট্টগ্রাম। ওই স্তরের আরেক ম্যাচে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে লড়বে ঢাকা মেট্রো ও বরিশাল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের আসরটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগ’।

করোনাভাইরাসের কারণে গত বছর এনসিএল হতে পারেনি। দীর্ঘ দিন বন্ধ ছিল মাঠের ক্রিকেট। পরে তিন দলকে নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও পাঁচ দলকে নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ আয়োজন করে বিসিবি। এবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত