জাতীয় পার্টি এখন বিধ্বস্ত: বিদিশা

আপডেট : ২২ মার্চ ২০২১, ০৬:০৯ পিএম

জাতীয় পার্টি এখন বিধ্বস্ত বলে মন্তব্য করেছেন প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

সোমবার দুপুরে বিদিশা রংপুর সিটি করপোরেশনের  দর্শনা এলাকায় অবস্থিত পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় এরশাদপুত্র শাহতা জারাব এরিক এরশাদ উপস্থিত ছিলেন।

বিদিশা অভিযোগ করে বলেন, এরশাদের ৯২তম জন্মদিন সাবেক রাষ্ট্রপতি ও পার্টির চেয়ারম্যান হিসেবে রংপুরে যেভাবে অনুষ্ঠান করা উচিৎ ছিলো তা করা হয়নি। যারা এসব দায়িত্বে ছিলেন তারা দায়সারাভাবে দিবসটি পালন করেছেন। আর আমরা মাসব্যাপী কর্মসূচি দিয়ে পালন করছি।

তিনি এ সময় আরো বলেন, এর আগে আমি কবর জিয়ারত করতে এসে বলেছিলাম, জাতীয় পার্টি লাইফ সাপোর্টে, আর এবার সব দেখে বলছি জাতীয় পার্টির অবস্থা এখন বিধ্বস্ত। জাতীয় পার্টি এখন আর চলছে না,  কেন্দ্রীয় দায়িত্বে যারা আছেন তারাও চলছেন না। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার যে স্বপ্ন ছিলো তা ধ্বংসের পথে।

বিদিশা তার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের জানান,   তিনি নতুন করে জাপাকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে চান,  সেই লক্ষে মাঠে নেমে কাজ শুরু করেন আর এ জন্য এখানে ছেলেকে নিয়ে কবর জেয়ারত করতে তিনি  আসছেন ।

তিনি বলেন, আগামী নির্বাচনে রংপুরবাসী চাইলে আমি অংশগ্রহণ করব। তৃণমূল নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থেকে আমাকে চায় আমি ভোটে অংশগ্রহণ করব। আমার নেতৃত্ব যদি সাধারণ মানুষ মেনে নেয় তাহলে আমি প্রস্তুত।

এ সময় জাপার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়কপথে রংপুরে আসেন বিদিশা। কবর পরিদর্শন শেষে কেক কেটে  প্রয়াত এরশাদের জন্মদিন পালন করেন বিদিশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত