জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। আটকে থাকা ‘শান’-এর কাজ শেষ করেছেন এ সপ্তাহেই। এর আগে পরপর আরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন। এই ছবিগুলো নিয়ে কথা বলেছেন তিনি আটকে থাকা শান...
গত বছরের মার্চের শুরুর দিকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে বন্ধ হয়ে যায় ‘শান’ ছবিটির শ্যুটিং। বাকি ছিল একটি গান। অবশেষে শেষ হলো অ্যাকশন, সাসপেন্স ও রোমান্সনির্ভর সিনেমাটির শ্যুটিং। সাহসী পুলিশ অফিসারের নানামাত্রিক লোহমর্ষক অপারেশন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শান’। পরিচালনা করেছেন এম রাহিম। এটিই তার প্রথম সিনেমা। উত্তরায় অ্যাকশন দৃশ্যের মাধ্যমে শ্যুটিং শুরু হয়েছিল। এবার রোমান্টিক গানের মাধ্যমে সেন্টমার্টিনে শ্যুটিং শেষ হলো। গতকাল ঢাকা ফিরেছি। সেন্টমার্টিনে ইমরান-কনার গাওয়া একটি রোমান্টিক গানের শ্যুটিং হয়েছে। আমি আর সিয়াম অংশ নিয়েছি। আহমেদ হুমায়ূনের সুর ও সংগীতে এ গানের কোরিওগ্রাফি করেছেন ভারতের জায়েশ প্রধান। ছবিটি পূর্ণতা দিতে বিন্দুমাত্র ছাড় দিইনি আমরা। পরিচালক তার কাজে সততার পরিচয় দিয়েছেন। সিয়াম তার চরিত্রের জন্য ট্রেনিংয়ে অংশ নিয়েছে। টিমের প্রত্যেকেই পরিশ্রম করেছেন। অনেক বড় আয়োজনের সিনেমা ‘শান’। হলিউড, বলিউড, তামিল ছবির কোনো কপি পেস্ট থাকবে না ছবিটিতে। সম্পূর্ণ বাংলাদেশি ফ্লেভারের ছবি এটি। সিনেমাটি প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে। পরে ওটিটিতেও মুক্তি পেতে পারে। আমরা চাইছি ঈদে আসুক ছবিটি। আরও অভিনয় করছেন তাসকিন রহমান, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, চম্পা, ডন, হাসান ঈমাম, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ প্রমুখ। সিনেমাটি হতে পারে আমার ক্যারিয়ারের অন্যতম টার্নিং। শিগগিরই শানের টিজার ও নতুন পোস্টার প্রকাশ হবে।
মাসুদ রানার সোহানা...
কাজী আনোয়ার হোসেনের থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ও আসতে চলেছে বড় পর্দায়। সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় আমি সোহানা চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে চট্টগ্রামে। গত ১ মার্চ থেকে শ্যুটিং শুরু করে টানা ১৪ দিন শ্যুটিং করেছি। খুব ভালো আয়োজনে কাজ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সিনেমা আগে কখনো হয়নি। অনেক বড় টিম। ৩ কোটি ৫০ লাখ টাকায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এর জন্য একেবারে নতুন লুক নিয়েছি। সিনেমাটির শ্যুটিংয়ের আগে প্রস্তুতি নিতে বেশি সময় নিয়েছি। সেটা এক বছরের বেশি হবে। যার কারণে অনেক বেশি আত্মবিশ্বাসী। ভয় কম কাজ করছে। এক কথায় কাজটা উপভোগ করছি। সবাই দোয়া করবেন।
অন্য ছবি...
এর আগে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘হৃদিতা’র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছি। ছবিটিতে এ বি এম সুমনের সঙ্গে প্রথমবার কাজ করেছি। এই সিনেমাটিতে কাজ করতে গিয়েও খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। ‘মাসুদ রানা’র শ্যুটিং শুরুর আগে একই পরিচালকের ‘ক্যাশ’- শিরোনামের আরও একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। যেখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে অভিনয় করব। এ ছবিতেও প্রথমবারের মতো চিত্রনায়ক নিরবের বিপরীতে কাজ করব। এছাড়া ‘জিন’ আর ‘সাইকো’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে।
