দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। অবশ্য তার পরিচয় এখন শুধু ক্রিকেটার বা সাবেক অধিনায়ক নয়, তিনি একজন সংসদ সদস্যও।
নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জনপ্রিয় সাংসদ মাশরাফী সোমবার সচিবালয়ে গেলেন নিজে বাইক চালিয়ে।
মাশরাফীর বাইক চালিয়ে সচিবালয়ে যাওয়ার ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাইক চালানো এমনিতে মাশরাফীর প্রিয় শখগুলোর একটি। আর ঢাকার যানজট এড়াতে এখন বাইক জনপ্রিয় বাহন। মাশরাফীও এদিন যানজট এড়াতে বাইকে চেপে বসেন।
টুইটারে তিনটি ছবি পোস্ট করে মাশরাফী যেন সেটিই বলে দিলেন, ‘সচিবালয়ে যাওয়ার পথে জ্যামে আটকে পড়া আমি, অবশেষ বাইকে...।’
অবশ্য বাইকে চাপলেও ছবিতে দেখা যাচ্ছে মাশরাফী জ্যামেই আটকে আছেন। এ সময় কোনো প্রকার ভিআইপি প্রকোটলও নেননি তিনি।
এদিকে মাশরাফীর ছবিগুলো ফেইসবুকে পোস্ট করেছেন তার ছোট ভাই মোরসালিন মোর্ত্তজাও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নড়াইলের উন্নয়নের জন্য সচিবালয়ের উদ্দেশে। চেনা যায়?’
