সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আকামত আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে মোট ৩৪ আসামিকে গ্রেপ্তার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।
এদিকে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীনসহ ৩৩ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদনের শুনানি হবে আজ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ একটি প্রতিনিধি দলের।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ বুধবার শাল্লার নোয়াগাঁও গ্রামের এক হিন্দু যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নোয়াগাঁও সংখ্যালঘু গ্রামে হামলা ও ভাংচুর চালানো হয়।
এ ঘটনায় ১৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা দায়ের করেন গ্রামের বাসিন্দা হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। এই মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
অন্য মামলাটি করেন থানার এসআই আব্দুল করিম। পুলিশের মামলায় আসামি অজ্ঞাত করা হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাচনী গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।
