বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রশ্ন রেখে বলেছেন, শাল্লার ঘটনার পরিকল্পনাকারী বিএনপি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরা পড়ে কেন।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় নেতা–কর্মীদের রোগমুক্তি কামনা করে এক দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন করেন।
তিনি বলেন, দেশে কোনো ঘটনা ঘটলেই জামায়াত, শিবির অথবা বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি মূল পরিকল্পনাকারী হলে শাল্লার হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ধরা পড়ে কেন?
গয়েশ্বর বলেন, রামু, নাসিরনগরসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার যত ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত। সুনামগঞ্জের শাল্লায় হামলাও আওয়ামী লীগ জড়িত। যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি যুবলীগ নেতা।
