ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম

লেনদেনের রেকর্ডে মিলবে খুদে ব্যবসায়ীদের ঋণ

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১২:২১ এএম

ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তি সহজ করবে বলে আশা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ ব্যাংক ও আইসিটি বিভাগের যৌথ উদ্যোগে চালু হতে যাওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বনিম্ন খরচে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের কেনাবেচার বিল নিতে পারবেন। অন্যদিকে, এই লেনদেনের তথ্যই ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক লেনদেন বিবরণী হিসেবে ব্যবহৃত হবে।

এ লক্ষ্যে সেবা এক্সওয়াইজেড এবং আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির মধ্যে চলতি মাসের মধ্যেই একটি চুক্তি হতে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) উদ্যোগে ‘বাংলাদেশের ডিজিটাল যুগে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী পেছনে পড়ে থাকবে না’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল ইআরপি সল্যুশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়া যায়, সে লক্ষ্যে এই চুক্তি করা হবে। এটা করা হলে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রেডিট রেটিং ও স্কোরিংয়ের তথ্য দিয়ে সহায়তা করতে পারব। যা তাদের ঋণ দেওয়ার পথ পরিষ্কার করবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ আইডিটিপির সঙ্গে যুক্ত হয়েছে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও দ্রুত এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবে বলে আশা করছেন আইসিটি প্রতিমন্ত্রী। 

সম্মেলনে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্মটি খুব দ্রুতই চালু হতে যাচ্ছে বলে জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

আইডিটিপি চালু করতে ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক ও আইসিটি বিভাগ এক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আইডিটিপির মাধ্যমে একটি বিক্রেতা প্রতিষ্ঠান একটি মাত্র ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে যে কোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এ ধরনের আন্তঃলেনদেনের খরচ হবে প্রচলিত যেকোনো আন্তঃলেনের তুলনায় অনেক কম। তবে খরচের হার এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ ব্যাংক।

এই প্ল্যাটফর্ম চালু হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা এ ধরনের আইডিটিপি অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করতে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন সম্মেলনের আলোচকরা।

বৈশ্বিক মহামারীর সময়ে নতুন সুযোগের সন্ধান এবং নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প ও ডিজিটাল ইকোসিস্টেম লিডারদের একত্রিত করা এবং মার্চেন্টস ডেভেলপমেন্ট ড্রাইভিং রুরাল মার্কেটস (এমডিডিআরএম) উদ্যোগ থেকে অর্জিত শিক্ষা ও এই উদ্যোগের অধীনে সম্পন্ন কাজ তুলে ধরার জন্য ওই সম্মেলনের আয়োজন করে ইউএনসিডিএফ।

ইউএনসিডিএফ-এর ইনক্লুসিভ ডিজিটাল ইকোনমিজ-এর ডিজিটাল হাব ফর এশিয়া-এর আঞ্চলিক পরিচালক মারিয়া পারদোমো সম্মেলনটি সঞ্চালনা করেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের সহযোগিতা প্রধান মরিজিও চিয়ান এবং ইউএনডিপি বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায়।

অনুষ্ঠানের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন বলেন, ‘আমরা অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা করছি।’

নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের অংশীদারদের জন্য পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত ত্বরান্বিত এ ডিজিটালাইজেশনের প্রবণতার ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়া। এই প্রয়াসের সমর্থনে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) ২০১৭ সাল থেকে এমডিডিআরএম (মার্চেন্টস ডেভেলপমেন্ট ড্রাইভিং রুরাল মার্কেটস) নামক উদ্যোগটি চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে দুই কোটি খুচরা ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই উদ্যোগে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ডিনেট, বিডিএমএস এবং এফবিসিসিআইয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে একটি আয় বৈচিত্র্য, ব্যবসা প্রবৃদ্ধি এবং বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহ প্রদানে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত