কেনাকাটায় ডিজিটাল ওয়ালেট সেবা চালু করলো ধামাকাশপিং

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০১:২৪ পিএম

গ্রাহকদের কেনাকাটাকে সহজ করতে প্রথমবারের মতো ডিজিটাল ওয়ালেট সুবিধা চালু করলো ধামাকাশপিং ডটকম। এখন থেকে গ্রাহকরা ধামাকাশপিংয়ে ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন।

ওকে ওয়ালেট ব্যবহার করে ধামাকাশপিংয়ের গ্রাহকরা যেকোনো কেনাকাটার পর অবশিষ্ট টাকা কিংবা ক্যাশব্যাক অফারের বেঁচে যাওয়া টাকা চাইলে অন্য যেকোনো কেনাকাটায় তাৎক্ষণিক ব্যবহার করতে পারবেন। এমনকি তিনি চাইলে সেই টাকা ক্যাশ করেও নিতে পারবেন। এমন সুবিধা দেশের ই-কমার্সগুলোতে প্রথম চালু করলো ধামাকাশপিং ডটকম।

রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার ধামাকাশপিং ডটকম এবং ওয়ান ব্যাংকের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ধামাকাশপিং ডটকমের প্যারেন্ট প্রতিষ্ঠান ইনভ্যারিয়েন্ট টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন চিশতি এবং ওয়ান ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের হেড এ জেড এম ফউজ উল্লাহ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে এখন থেকে ধামাশপিং থেকে কেনাকাটায় গ্রাহকরা ওকে ওয়ালেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি পাবেন নানা ধরনের ছাড়-অফার সুবিধা।

ইনভ্যারিয়েন্ট টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন চিশতি বলেন, আমাদের যাত্রা শুরু হয়েছে মাত্র কয়েকমাস আগে। এরই মধ্যে আমরা দেশব্যাপী পরিচিত ও গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছি। গ্রাহকদের ক্যাশলেস কেনাকাটার সুবিধা দিতে আজ ওকে ওয়ালেটের সঙ্গে আমাদের নতুন পথচলা শুরু হলো। এই পথচলা দীর্ঘ হবে বলে প্রত্যাশা আমাদের।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের হেড এ জেড এম ফউজ উল্লাহ চৌধুরী বলেন, ‘ওকে ওয়ালেটে আমরা গ্রাহকের মানসম্পন্ন সেবাদানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধামাকাশপিংয়ের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমরা ই-ওয়ালেটে অন্যদের থেকে ভিন্নতা এনেছি বলেই কিছুক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছি।

অনুষ্ঠানে জানানো হয়, ই-ওয়ালেট সরাসরি ব্যাংকিং ব্যবস্থার বাইরে অ্যাপভিত্তিক অর্থ রাখার একটি প্রক্রিয়া। এতে ইলেকট্রনিক ব্যবস্থায় টাকা জমা রেখে দেশের মধ্যে অনলাইনে লেনদেন করা যায়। মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে গ্রাহক নিজেই অর্থ স্থানান্তর করতে পারেন। ২০১৫ সালে কেন্দ্রীয় ব্যাংক প্রথম এ সেবা চালু করে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ১৫টি ব্যাংক এ সেবা দিচ্ছে। এগুলোর মধ্যে ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট একটি। দেশের ই-কমার্স সেবাকে তৃণমূলের মানুষের কাছে আরেও সহজলভ্য করতেই দেশের প্রথম ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বৈধ ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেটের সঙ্গে এই চুক্তি করেছে ধামাকাশপিং।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামাকাশপিং ডটকমের ডিরেক্টর অপারেশনস সাফওয়ান আহমেদ, বিজনেস কো-অর্ডিনেটর সৌরভ সাহা, হেড অফ এইচআর নাজিয়া রহমান, প্রধান বিজনেস কর্মকর্তা দেবাকর দে শুভ, ওয়ান ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মোজাফফর হোসেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওয়াসিম রেজা খান, প্রজেক্ট ম্যানেজার মো. শাহাদাত হোসেন মৃধাসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত