নেপালে চলমান ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ঊরুর চোটে এক ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারকে।
মঙ্গলবার কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে বাংলাদেশের ১-০ গোলে জয়ের ম্যাচে ঊরুতে চোট পান বিশ্বনাথ। ম্যাচের ৭০ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। বুধবার তার এমআরআই করানো হয়। যে রিপোর্টে বড় চোট ধরা পড়েছে।
বাফুফে প্রেরিত ভিডিও বার্তায় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘গতকালকের খেলায় বিশ্বনাথ ব্যথা পেয়েছিল। আমাদের ডাক্তার, ফিজিও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আজকে সকালে আমরা তাকে মেডিকেলে পাঠিয়েছিলাম। তার এমআরআই রিপোর্ট করিয়েছি। একটু আগে রিপোর্টটা পেয়েছি। ওর মাসলে একটা বড় ইনজুরি আছে।’
বিশ্বনাথকে তাই দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, ‘অন্তত দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। এ জন্য আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি, বৃহস্পতিবার সে দেশে যাবে। দেশে গিয়ে প্রোপার ট্রিটমেন্টটা নেবে।’
এমনিতেই জেমি ডে এবার দল গড়েছেন নবীনদের প্রাধান্য দিয়ে। এমন অবস্থায় দলে নিয়মিত হয়ে ওঠা বিশ্বনাথকে হারানো বড় ধাক্কাই। তবে আপাতত তার বিকল্প নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের।
টিম ম্যানেজার বললেন, ‘আমরা আমাদের ২৩ জনের ফাইনাল রেজিস্ট্রেশন সোমবার ম্যানেজার্স মিটিংয়ে দিয়ে দিয়েছি। নতুন করে এখানে কাউকে অন্তর্ভুক্তির সুযোগ নেই।’
