জন্মদিনে আইপিএল প্রস্তুতি শুরু সাকিবের

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০৯:৪৪ পিএম

তাকে নিয়ে আলোড়ন চলছে দেশের ক্রিকেটে। এক সাক্ষাৎকারে তার কিছু বক্তব্য ঘিরে নানা আলোচনা-সমালোচনা। এর মাঝেই বুধবার ৩৪ পূর্ণ করে ৩৫-এ পা দিলেন সাকিব আল হাসান। এমনদিনে এই অলরাউন্ডার শুরু করলেন আসছে আইপিএলের প্রস্তুতি।

দেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তকে কেন্দ্র করেই তাকে নিয়ে বিতর্ক ডানা মেলে। পরে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বিতর্ক উসকে দেন আরো।

যুক্তরাষ্ট্র থেকে পরশু রাতে দেশে ফেরেন সাকিব। এদিন সেই আইপিএলের জন্যই ঘাম ঝরালেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। সেখানে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টির মিশন টাইগারদের। জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা ব্যস্ত এনসিএলে।

সাকিব ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে যাননি। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে ছুটি নেন তিনি।

এদিকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে শুরু হচ্ছে ৯ এপ্রিল। যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।

এদিন সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন সাকিব। ওয়ার্মআপ শেষে স্টেডিয়াম সংলগ্ন ইনডোর ব্যবহার করেন।

গত সপ্তাহে সাকিবের যে সাক্ষাৎকার ঘিরে বিতর্ক ডানা মেলে, সেখানে এই অলরাউন্ডার বিসিবির বিভিন্ন ম্যানেজমেন্ট ইস্যুর সমালোচনা করেন। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান তার ছুটির চেয়ে লেখা চিঠি না পড়েই কথা বলছেন বলেও অভিযোগ করেন।

এরপর আকরাম খান সংবাদমাধ্যমে বলেছিলেন, সাকিবকে আইপিএলে খেলতে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি।

এদিকে জন্মদিনে সতীর্থ, ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে শুভেচ্ছা বার্তায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত