পরিণীতি চলেন প্রিয়াঙ্কার পরামর্শে

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১০:১৭ পিএম

ক্যারিয়ারের শুরুতে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেছিলেন, ‘তিনি কাউকে অনুসরণ করেন না। এমনকি চাচাত বোন প্রিয়াঙ্কা চোপড়া তাকে অনুপ্রেরণা দিলেও দুজনের চলার পথ ভিন্ন। প্রিয়াঙ্কা তার আইডল নন।’ কিন্তু সময় বদলেছে। এরমধ্যে পরিণীতি অনেক পরিণত হয়েছে জীবনের ব্যর্থতা থেকে। একটা সময় একের পর এক ছবি ফ্লপ হওয়ায় হাতে কোনো কাজ ছিল না। ডিপ্রেশনে ভুগেছেন টানা এক বছর। তখন থেকেই বড় বোন প্রিয়াঙ্কাই পরিণীতি চোপড়ার কাছে সব। জীবনের নানা বিষয়ে প্রিয়াঙ্কার পরামর্শ নেন তিনি। বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে প্রিয়াঙ্কার দেখানো পথে হাঁটার চেষ্টা করেন এই বলিউড অভিনেত্রী। তার ফলও পাচ্ছেন এখন। কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘গার্ল অন দ্য ট্রেন’ ছবিটি সফল হয়েছে। ‘সাইনা’ ছবিটিকে ঘিরে আবারও আলোচনায় পরিণীতি। ট্রেইলার দেখে তার প্রশংসা করছেন সবাই। গুপ্ত পরিচালিত এই ছবি আগামীকাল মুক্তি পাচ্ছে। এই ছবিতে তিনি ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ভূমিকায় অভিনয় করছেন। পরিণীতি বলেন, ‘সাইনা ছবিটির প্রস্তাব পাওয়ার পর আমি করতে চাইনি। কারণ, ব্যাডমিন্টন খেলা তো দূরের কথা, শুরুতে নিজেকে খেলোয়াড় হিসেবে ভাবতেই পারছিলেন না। ছোটবেলা থেকেই আমি খেলাধুলা করতে ভালোবাসতাম না। মা-বাবা আমাকে নানা রকম খেলায় দিয়েছিলেন। কিন্তু আমি পড়াশোনা করতে বেশি ভালোবাসতাম।’

তারপরও ছবিটির ব্যাপারে পরামর্শের জন্য ফোন করেন হলিউডে থাকা বড় বোন প্রিয়াঙ্কাকে। এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘সাইনা ছবির প্রস্তাব পাওয়ার পর আমি সবার আগে প্রিয়াঙ্কাকে ফোন করেছিলাম। সে আমাকে ছবিটি করতে বলে। আরও বলেছিল, চরিত্রের আত্মাকে পুরোপুরি অনুভব করো।’ তিনি আরও বলেন, ‘ছবিতে আমার লুক নিয়ে নানা পরামর্শ দিয়েছিল। প্রিয়াঙ্কা বক্সার মেরি কমের বায়োপিকে কাজ করেছিল। সে দেখতে একদমই মেরি কমের মতো নয়। তবু প্রিয়াঙ্কা অভিনয় দারুণ করেছিল। সে আমাকে বলেছিল, সাইনা হয়ে উঠতে আমি যেন প্রস্থেটিক মেকআপের সাহায্য না নিই। প্রিয়াঙ্কা বলেছিল, আমাকে বিশেষ কিছু করতে হবে না। শুধু শারীরিক ভাষার ওপর কাজ করতে পরামর্শ দিয়েছিল।’

পরিণীতি খুশি যে শ্যুটিংয়ের সময় সেটে আসল সাইনা থাকতেন না। সাইনা যদি সেখানে থাকতেন, তাহলে তিনি নার্ভাস হয়ে যেতেন। এই বলিউড তারকা বলেন, ‘হায়দরাবাদে গিয়ে সাইনার সঙ্গে দেখা করার কথা খুব মনে পড়ে। তিনি আমার ওপর আস্থা দেখিয়েছিলেন। তাই আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছিল। তার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পর মনে হয়েছিল, ট্রেনিংয়ে আমাকে আরও উজাড় করে দিতে হবে। আমি যদি সাইনার ১ শতাংশও খেলতে পারি, তাহলেও নিজেকে লাকি মনে করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত