বিবস্ত্র করে নারী নির্যাতন

বেগমগঞ্জে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১২:৩৬ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের আলোচিত মামলায় স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত। গতকাল বুধবার শুনানি শেষে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অভিযোগপত্রভুক্ত আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ ওরফে সোহাগ মেম্বারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়।

অভিযোগ গঠন হওয়া আসামিরা হলো নূর হোসেন বাদল, আবদুর রহিম, মো. আলী ওরফে আবুল কালাম, ইস্রাফিল হোসেন মিয়া, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান আরিফ, জামাল উদ্দিন, নূর হোসেন রাসেল, মিজানুর রহমান তারেক, আনোয়ার হোসেন সোহাগ ও দেলোয়ার হোসেন দেলু।

এর আগে গত বছর ১৪ ডিসেম্বর ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরও আগে একই বছর ৫ অক্টোবর নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু দেশ রূপান্তরকে বলেন, ‘শুনানিকালে চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিল। অন্য আসামিদের মধ্যে চারজন পলাতক।’

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত বছর ৪ অক্টোবর ফেইসবুকে ভাইরাল হয়। এরপরই তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। যার ধারাবাহিকতায় মামলা করেন নির্যাতনের শিকার নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত