বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) বিভিন্ন সময়ে কর্মরত (অবসরপ্রাপ্ত) ৭৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার সকালে বেবিচকের সদর দপ্তরের এমটি পুলে মহান স্বাধীনতা ও বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
সভায় আলোচকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতাযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেবিচকের সব কর্মকর্তা-কর্মচারী দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
অনুষ্ঠানে ৭৩ বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও প্রাইজ বন্ড দেওয়া হয়। তা ছাড়া একুশে পদকপ্রাপ্ত কর্মকর্তা ও কৃতী সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য সাবেক উপ-পরিচালক (অ্যারোড্রামস) ও বর্তমানে এয়ার নেভিগেশন সার্ভিসেস কনসালট্যান্টকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বেবিচক চেয়ারম্যানকেও একটি সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
