মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৬:৪৯ এএম

মিসরের দক্ষিণাঞ্চলের সোহাগ শহরে দুটি ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহত ও অন্তত ৬৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার কায়রো থেকে ২৮৫ মাইল দূরের শহরে এ দুর্ঘটনা ঘটে বলে খবর দিয়েছে এএফপি।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনায় তিনটি যাত্রীবাহী বগি দুমড়ে-মুচড়ে যায়। এর ভেতরে যাত্রীরা আটকা পড়েন। অনেকে অচেতন হয়ে পড়েন। অনেকের রক্ত ঝরতে দেখা যায়।

কর্র্তৃপক্ষ দ্রুত সেখানে ৩৬টি অ্যাম্বুলেন্স পাঠায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

মিসরের রেলওয়ে কর্র্তৃপক্ষ বলছে, সোহাগ শহরের কাছে অজ্ঞাত কোনো ব্যক্তি জরুরি ব্রেক চাপলে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ব্রেক চাপার ফলে একটি ট্রেন থেমে থাকে। তখন অন্য একটি ট্রেন এসে এর সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছে রেল কর্র্তৃপক্ষ।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দুর্ঘটনার সময় দুটি ট্রেনের গতি খুব বেশি ছিল না। তাই মাত্র দুটি বগি ধ্বংস হয়েছে এবং আরেকটি ঘুরে গেছে।

মিসরে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটে থাকে। শুধু ২০১৭ সালেই দেশটিতে ১ হাজার ৭৯৩টি রেল দুর্ঘটনা ঘটেছিল। গত বছর দুটি ট্রেনের সংঘর্ষে ৪৩ জন মারা যান। তবে ২০০২ সালে দুটি ট্রেনের সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত