ব্রাজিলে কোচ ছাঁটাই বন্ধে নতুন নিয়ম

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৭:১৮ এএম

ফুটবলের দেশ ব্রাজিল। অথচ ব্রাজিলেই ফুটবল কোচদের অবস্থা করুণ। ২০০৩ থেকে ২০১৮ সালের একটি সমীক্ষা বলছে, এই সময়ে প্রতি মৌসুমে গড়ে ৩৭ জন কোচ চাকরি হারিয়েছেন বা বদলি হয়েছেন। ২৭.৬ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে স্পেন, আর্জেন্টিনা (২১ শতাংশ) তৃতীয়, যা ব্রাজিলে ফুটবল কোচদের ভবিষ্যৎ ও চাকরির নিশ্চয়তা কঠিন করে তুলেছে। তাই কোচদের পাশে দাঁড়াতে নতুন নিয়ম চালু করল কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। চাইলেই এখন আর যখন-তখন কোচ ছাঁটাই করতে পারবে না ব্রাজিলিয়ান ক্লাবগুলো।

বুধবার পাস হওয়া নতুন আইন অনুযায়ী দেশটির শীর্ষ লিগের ২০ ক্লাব এক মৌসুমে মাত্র দু’বার কোচ বদল বা ছাঁটাই করতে পারবে। তবে দ্বিতীয় কোচকেও যদি ছাঁটাই করতে হয় তবে কমপক্ষে ছয় মাস ধরে চাকরিতে আছেন এমন কাউকে নিয়োগ দিতে হবে। কোচরা মৌসুমে একবারই স্বেচ্ছায় ক্লাব বদল করতে পারবেন। তবে বরখাস্ত হওয়া কারও জন্য এ নিয়ম নয়। ২৯ মে শুরু হবে ব্রাজিলের নতুন ফুটবল মৌসুম। এ তারিখ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

গত মৌসুমে বোটাফোগো ফুটবল ক্লাব চারবার কোচ বদল করে, তবুও রেলিগেশন বাঁচাতে পারেনি তারা। আর সাও পাওলো ও সান্তোসের মতো বড় ক্লাবগুলো ইতিমধ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত