তামিমের সঙ্গে ফিরছেন হাসানও

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৬:০৯ পিএম

ওয়ানডে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবেন তামিম ইকবাল, বিষয়টি নিশ্চিত ছিল আগেই। তবে শুধু তামিম নয়, বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে ঢাকার ফ্লাইট ধরতে হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদকেও।

রবিবার রাতে ঢাকায় পা রাখার কথা দুজনের।

ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন হাসান। দেশে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন ২১ বছর বয়সী পেসার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিতে নিশ্চিত করেছে বিসিবি।

হাসানের চোটটা পিঠে। যেকারণে প্রথম ওয়ানডে খেললেও পরের দুই ওয়ানডে খেলতে পারেননি তিনি। অন্যদিকে ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তামিম। যদিও খবরটি প্রকাশ হয় দল নিউজিল্যান্ডে যাওয়ার সপ্তাহ খানেক পর।

রবিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত