সংবাদ সম্মেলনে কাদের

বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক তান্ডব

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০১:৫১ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পন্ড করতে ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পৃষ্ঠপোষকতায় একটি সম্প্রদায়িক গোষ্ঠী তান্ডবলীলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে বিএনপি তার দোসরদের দিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। অথচ বিএনপিই আবার নরেন্দ্র মোদি সরকারের বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে দূতাবাসের দরজায় পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল।’ গতকাল শনিবার সকালে ওবায়দুল কাদেরের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা, আর সময়ে ভারতপ্রীতি বিএনপির রাজনীতির দ্বিচারিতাকেই স্পষ্ট করে। এ অপরাজনীতি বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে তুলছে। ভারতের সরকারপ্রধানের সফরের বিরোধিতার আড়ালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর বিরোধিতাই করছে তারা। ৫০ বছর আগের পরাজিত শক্তির পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। সরকার বিরোধিতার আড়ালে রাষ্ট্রের মর্যাদা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত তারা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাব সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সম্প্রদায়িক গোষ্ঠী যে তান্ডবলীলা চালায়, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে।’ ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতার পরিবর্তন কেবল নির্বাচনের মাধ্যমেই হবে, তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এ সময় রাজশাহীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনসহ মোট ১৭ জন নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওবায়দুল কাদের। এ ঘটনায় সাত দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রদানের জন্য বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত