দেশে গত শুক্রবার বিকেল থেকে ফেইসবুক, মেসেঞ্জার ও ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, ফেইসবুক ও মেসেঞ্জার ডাউন হয়ে আছে। ইন্টারনেটের গতি শ্লথ। এমন অবস্থা গতকাল শনিবার রাত পর্যন্ত ছিল বলেও জানান তারা। এ ব্যাপারে জানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে ব্যবহারকারীরা এ অ্যাপ দুটি ব্যবহার করতে পারছেন না।
বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের মাধ্যমে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ফেইসবুক কর্র্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে। বিষয়টি আরও বুঝতে তারা কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, ফেইসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।
একইভাবে মোবাইল অপারেটর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবাও সাময়িক বন্ধ করা হয়েছিল। তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
