দেশের ইপিজেডগুলোয় শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন (১৬১২৮) সেবা চালু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেপজা কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়। একযোগে আটটি ইপিজেডে হেল্পলাইন সেবা চালু হলো।
অনুষ্ঠানে জানানো হয়, শ্রমিকরা যেকোনো অভিযোগ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবেন। শ্রমিকের কাছ থেকে পাওয়া অভিযোগ শিল্প-সম্পর্কিত বিভাগকে জানানো হবে। অভিযোগ পরীক্ষা করে সর্বোচ্চ সাত দিনের মধ্যে তদন্ত করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে এবং অভিযোগকারীকে আপডেট তথ্য জানানো হবে। শিল্প সম্পর্কে প্রতি মাসে প্রাপ্ত অভিযোগ এবং নিষ্পত্তির বিষয়ে একটি প্রতিবেদন বেপজার নির্বাহী দপ্তরে পাঠানো হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।
